নিউজ ডেস্ক :
মাগুরায় বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটি আর বেঁচে ফিরল না। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।
আইএসপিআর জানায়, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল থেকেই তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।
বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, এই দুঃসময়ে তারা পাশে থাকবে এবং যেকোনো সহায়তা দেবে। একইসঙ্গে শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
