নিউজ ডেস্ক :
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই রায় দেন।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, এখন পর্যন্ত যারা ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে এ আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে তাদের অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইতোমধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ইন্টার্ন চিকিৎসকরাও প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন। পরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও আন্দোলনে যোগ দেন।
‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের’ ব্যানারে ১৭টি সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে, এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার বন্ধ করা, নিবন্ধিত চিকিৎসক ছাড়া প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের মানোন্নয়ন ও অবৈধ ম্যাটস প্রতিষ্ঠান বন্ধ, চিকিৎসকদের জন্য বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা এবং চিকিৎসক সুরক্ষা আইনসহ বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।