জাগ্রত পাহাড় ডেস্ক :
লামার আজিজনগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকসংলগ্ন বেইলি ব্রিজে ৫ টনের অধিক ওজন বহন নিষিদ্ধ থাকার পরও নিয়ম অমান্য করে ৪৭ টন পাথর বোঝাই ১০ চাকার একটি ড্রাম ট্রাক ওঠায় ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়ে।
ঘটনাটি ঘটে গত ৭ মার্চ (২০২৫), যেখানে সড়কের সামনে স্পষ্টভাবে ওজনসীমা নির্দেশক সাইনবোর্ড থাকা সত্ত্বেও ট্রাকটি ব্রিজে ওঠানো হয়। ফলে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়, যার পরিমাণ আনুমানিক ৭০,০০০ টাকা বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এ ঘটনায় লামা সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রাণেশ চাকমা বাদী হয়ে সংশ্লিষ্ট ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আজ (১১ মার্চ) আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহমেদ মোর্শেদ ট্রাকটি জব্দ করেন এবং অভিযানের মাধ্যমে এজাহারভুক্ত প্রধান আসামি কবিরকে গ্রেপ্তার করে লামা থানায় পাঠান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সড়ক বিভাগের অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা হবে।
