বাঘাইছড়িতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নিউজ ডেস্ক :

রাঙামাটির বাঘাইছড়িতে হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিনসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৯ মার্চ) বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান আলীর ছেলে মো. হাবিবুর রহমান এ মামলা দায়ের করেন। এটি ৫ আগস্টের পর রাঙামাটিতে প্রথম রাজনৈতিক মামলা। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপির সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন, কামাল হোসেন, ইকবাল হোসেন, হারুন, আব্দুল গফুর সুবেল, মামুনুর রশিদ, শামীম, ইয়াছিন রানা, তরিকুল ইসলাম সোহেল, ইমরান হোসেন, ইউনুছ আলী, আনোয়ার হোসেন বাপ্পী, আজগর আলী, আব্দুল জলিল ফাহিমসহ অনেকে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে দলীয় নেতাকর্মীদের গুরুতর আহত করা হয়। হামলার সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, যাতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়।

বাদী আরও অভিযোগ করেন, হামলার সময় আসামিরা বিএনপির ভবিষ্যৎ সমাবেশ বন্ধের হুমকি দেয় এবং তৎকালীন সরকারের মদদে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এখন ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে তরিকুল ইসলাম সোহেলকে (৩৭) গ্রেফতার করা হয়েছে, এর আগে আরেক মামলায় আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে ৮ মার্চ চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়।