নিউজ ডেস্ক :
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে কাজ করবে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো, যা ‘অক্সিলারি ফোর্স’ নামে পরিচিত হবে। সোমবার (১০ মার্চ) ডিএমপি কমিশনার জানান, রাজধানীর ৪৮টি থানা এলাকায় এই বাহিনী মোতায়েন করা হবে।
তবে অক্সিলারি ফোর্সের সদস্যরা পুলিশের মতো দায়িত্ব পালন করলেও স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযান চালাতে পারবেন না। তাদের হাতে থাকবে না অস্ত্র বা গ্রেফতারের ক্ষমতা। এদের জন্য কোনো বেতন বা সম্মানীর ব্যবস্থাও থাকছে না।
এদিকে, নতুন এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নগরবাসী। বিশেষ করে বাসাবাড়ি ও আবাসিক এলাকার নিরাপত্তা আদৌ নিশ্চিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রাজধানীর উত্তরা এলাকাকে ছিনতাই ও চাঁদাবাজির ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন যে, অক্সিলারি ফোর্সের সদস্যরা অপরাধে জড়িয়ে পড়তে পারেন।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, এই বাহিনী রাজধানীর বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকায় কাজ করবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
