নিউজ ডেস্ক :
বাংলাদেশের সঙ্গে সামরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা। সম্প্রতি দেশটিতে সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এবং দেশটির সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট তোয়াদেরা।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে প্রেসিডেন্ট তোয়াদেরা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া সহায়তা আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আমরা সামরিক কূটনীতি আরও জোরদার করতে চাই। সেনাপ্রধান আমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।”
এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা ও কৌশল বিনিময় নিয়ে আলোচনা হয়। জেনারেল জেফিরিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, “আমাদের দেশ সংঘাতময় পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহায়তা করছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই দেশটিতে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে, যেখানে স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেনাপ্রধানের সফরে ওই ক্লিনিকের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট তোয়াদেরাও। এ সময় সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
