নিউজ ডেস্ক :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৯ মার্চ) সকাল থেকে তারা অফিসে যোগ দেন। এর আগে, শনিবার রাতে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তাদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিএসইসি কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং এর একদিন আগে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তারা মূল ফটকে তালা লাগিয়ে সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেন, যা অফিসের কার্যক্রম অচল করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে কমিশনের কর্মকর্তাদের উদ্ধার করে।
