নিউজ ডেস্ক :
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোতে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ মার্চ) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরার ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে। অপরাধীরা কোনোভাবেই যেন আইনের ফাঁক গলে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সংঘটিত ধর্ষণসহ নারীর প্রতি সকল সহিংসতার তালিকা তৈরি করে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়।
নারীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সহিংসতাকারীকে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, পারিবারিক ও সামাজিক নৈতিকতা বজায় রাখতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, ঘটনার দিন শিশুটির মাকে ফোন করে তার খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বোচ্চ চিকিৎসাসেবার আশ্বাস দেন। পরে, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
