নিউজ ডেস্ক :
ভূমি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)—এই চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কার্যক্রম এবং নাগরিক সেবা দ্রুত ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে তিনি এই নির্দেশ দেন। ডিজিটাল সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিতের ওপরও তিনি গুরুত্ব দেন।
এরই মধ্যে অভ্যন্তরীণ কার্যক্রম অটোমেশনের পাশাপাশি শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) বাস্তবায়ন এবং ডিজিটাল সিগনেচার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ম্যানুয়াল ফর্ম ফিলাপের পরিবর্তে নিরাপদ এপিআইয়ের (Secure API) মাধ্যমে ডেটা আদান-প্রদান নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের পৃথক ডিজিটাল অবকাঠামোর মধ্যে আন্তঃসংযোগ তৈরি করা জরুরি। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
