নিউজ ডেস্ক :
ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি চলবে। শুক্রবার (৭ মার্চ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করা হবে। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ জানাবেন। তবে রোগীদের জরুরি চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
ফোরাম জানায়, দাবি পূরণ না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তাদের প্রধান দুই দফা দাবি হলো, চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত পদোন্নতি দেওয়া এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। এছাড়া, তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।