নিউজ ডেস্ক :
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৭ মার্চ) ভোরে বিশেষ অভিযানে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, ওয়াকি-টকি সেট, হার্ডডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান শেষে সেনাবাহিনী ফেরার পথে ইউপিডিএফ সদস্যরা নারী ও শিশুদের সামনে এনে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়লে তারা সরে যায়। আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক গতিবিধি নজরে এলে তাৎক্ষণিকভাবে জানাতে বলেছে। এ বিষয়ে কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
