নিউজ ডেস্ক :
দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিচারহীনতার কারণেই নির্যাতনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, নারীরা দেশের উন্নয়ন, শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখলেও প্রতিনিয়ত নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র— সর্বত্রই ছাত্রী ও নারী শ্রমিকরা ইভটিজিং, শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হচ্ছেন। এমনকি ধর্ষণ ও হত্যার ঘটনাও বাড়ছে। বিশেষ করে বর্তমান সরকারের শাসনামলে এ ধরনের অপরাধের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নারীদের রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু নারীদের স্বাধীনতাকেই খর্ব করছে না, সামগ্রিকভাবে সমাজে নৈরাজ্য ও অস্থিতিশীলতা বাড়িয়ে দিচ্ছে। নারীদের অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি নৈতিক ও সাংবিধানিক দায়িত্বও।
তিনি নারী নির্যাতনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।
