নিউজ ডেস্ক :
গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী জল ভাগাভাগি নিয়ে আলোচনায় বসেছে ভারত ও বাংলাদেশ। যৌথ নদী কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ফারাক্কায় জল পরিমাপের পর এই বৈঠকে পানিপ্রবাহ কম থাকায় সৃষ্ট সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবারও এ বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও এবছর পানিপ্রবাহ কম থাকায় উভয় দেশেই প্রভাব পড়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেচ সংকট, জীববৈচিত্র্যের সমস্যা এবং সুন্দরবনের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। পানির প্রবাহ কম থাকলে ভাগাভাগির পরিমাণও কমে যায়, যা উভয় দেশের জন্যই একটি চ্যালেঞ্জ।
ভারতের পক্ষে বৈঠকে যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান ও মোহাম্মদ সামসোজ্জাহানসহ অন্যান্যরা।
আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের আরও প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। এতে তথ্য ভাগাভাগি, বন্যা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন এবং সীমান্ত নদীগুলো নিয়ে পরিকল্পনা সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পানিবণ্টন চুক্তি অনুযায়ী উভয় দেশ কীভাবে সংকট মোকাবিলা করবে, তা নিয়েও এই বৈঠকে দৃষ্টি দেওয়া হবে।
