বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মাঝেও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত

নিউজ ডেস্ক :

বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পটপরিবর্তন, শ্রমিক অসন্তোষ এবং গ্যাস সংকটের মতো একাধিক প্রতিকূলতার মধ্যেও টানা ছয় মাস ধরে রপ্তানি বাড়ছে বাংলাদেশে। বিদায়ী বছরে বৈশ্বিক মন্দার ধাক্কা সামলানোর পর রাজনৈতিক অস্থিরতায় পণ্য রপ্তানি ব্যাহত হলেও ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে রপ্তানি আয় এসেছে ৩৯৭ কোটি ডলার। সাধারণত ফেব্রুয়ারির ২৮ দিনের কারণে উৎপাদন কম হয়, এতে প্রতি মাসের গড় রপ্তানির তুলনায় কিছুটা কম আয় হয়। তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসাবে রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩১৩ কোটি ডলার বেশি।

রপ্তানির এই ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত, যা বরাবরের মতোই শক্তিশালী অবস্থানে রয়েছে। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানিও ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে।

চলতি অর্থবছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি। তবে শিল্পোদ্যোক্তারা গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির মতো নতুন চ্যালেঞ্জ নিয়ে শঙ্কিত। রপ্তানি বাজার ধরে রাখতে উৎপাদন খরচ ও নীতি সহায়তার দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।