নিউজ ডেস্ক :
কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) সকালে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, রোববার দিনগত রাতে কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্ট এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের ভেতরে কেরানীনগর এলাকায় শাওন কর্মকারকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকায়।
আটকের সময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
