নিউজ ডেস্ক :
দেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অর্থনীতি স্থিতিশীল করার কাজ করছে।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, প্রশাসন কার্যক্রমে গতি ফিরেছে এবং জনগণ সেবার ক্ষেত্রে হয়রানি কম অনুভব করছে। পুলিশ বাহিনীরও কাজে ফেরার জন্য কিছুটা সময় প্রয়োজন ছিল, যা এখন কাটিয়ে উঠেছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বৈরাচার পতনের সময় যে ঐক্যের জন্ম হয়েছিল, তা এখনও অটুট রয়েছে। জনগণের সমর্থন সরকারের প্রতি অব্যাহত রয়েছে এবং তার অবস্থান নিয়ে কোনো পরিবর্তন হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা।
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় তারা যথাযথ দায়িত্ব পালন করছে। পাশাপাশি, ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতোই আছে, এতে কোনো অবনতি হয়নি।
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, একাধিক কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট প্রকাশ করবে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সবার রাজনৈতিক অধিকার রয়েছে, তবে অন্যায়কারীদের বিচার হওয়া প্রয়োজন। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং সরকার সেই পথেই এগিয়ে যাবে।
