নিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেওয়া ৭ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।
গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে ওই মামলায় খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। প্রথমে শুনানির জন্য ২ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা একদিন পিছিয়ে ৩ মার্চ পুনর্নির্ধারণ করা হয়।
২০১৮ সালের অক্টোবরে এই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে অপর তিন আসামিকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাসের আদেশ দেয়, যা আপিল বিভাগ বহাল রাখল।
