নিউজ ডেস্ক :
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার জাতীয় ভোটার দিবসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। খসড়া তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন, তবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার পর এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ইসির কর্মকর্তারা মনে করছেন।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করা হয় এবং নির্বাচন ভবনের বেইজমেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া, আহত কয়েকজন ভোটারকে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
নতুন তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন। ইসি জানিয়েছে, মৃত ভোটার কর্তনের পাশাপাশি বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের তালিকাভুক্ত করার কাজ অব্যাহত রয়েছে।
