নিউজ ডেস্ক :
কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, স্থানীয় সংবাদকর্মী আলম থানায় আটক হয়ে নির্যাতনের অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের মাধ্যমে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, সাংবাদিকদের উদ্দেশ্যে সত্য খবর প্রকাশের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, কিছু মিডিয়ার কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়, যা ভালো নয়। তিনি আরও বলেন, তিনি নিজেও একসময় সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিকদের কাছে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।
