নিউজ ডেস্ক :
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমজান মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে। শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ ঘোষণা দেন।
তিনি জানান, চুরি, ছিনতাই ও ডাকাতি ঘটনায় জড়িত অধিকাংশ অপরাধী কিশোর গ্যাংয়ের সদস্য, এবং তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিবি প্রধান আশা প্রকাশ করেন যে, কিছুদিনের মধ্যেই রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
অতিরিক্ত কমিশনার আরও বলেন, রমজান মাসে রাজধানীসহ দেশব্যাপী শপিংমল, মার্কেট, বাস টার্মিনাল এবং ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি দেশের জনগণকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
