বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে আবারও উৎপাদন শুরু, লোডশেডিং কমার আশা

নিউজ ডেস্ক :

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। টানা ১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে এই ইউনিট থেকে উৎপাদিত ১৮০-১৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ২,৩০০ টন কয়লা প্রয়োজন হবে এই ইউনিটের জন্য

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটও উৎপাদনে রয়েছে। ফলে এ অঞ্চলে লোডশেডিং কমার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টায় বয়লারের পাইপ ফেটে এবং বিয়ারিং ভেঙে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বয়লারের টিউব ফেটে ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রের তিনটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ২২ ফেব্রুয়ারি ১ নম্বর ইউনিট মেরামত শেষে পুনরায় চালু করা হয়।

এদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে, যা এখনও উৎপাদনে আসেনি। এই ইউনিট আগে চালু থাকলেও মাত্র ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত।