নিউজ ডেস্ক :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।
পররাষ্ট্র সচিব ইউএস সিডিএকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।
