নিউজ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি খোলা চিঠি দিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চিঠি প্রকাশ করেন।
চিঠিতে শায়খ আহমাদুল্লাহ দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করছে, যা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিতর্কিত ভূমিকা ও সাম্প্রতিক পোস্ট জনমনে আরও অসন্তোষ তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি সতর্ক করেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে তা জনগণের আস্থার সংকট তৈরি করবে, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের আহ্বান জানান। একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করেন, অবিলম্বে ধর্ম অবমাননার ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং এ বিষয়ে সরকার দেশবাসীকে আশ্বস্ত করুক।
