নিউজ ডেস্ক :
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার বিমানবন্দরে অভিযান চালিয়ে মোট ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস), যাদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি ছিলেন।
এক বিবৃতিতে একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে না গিয়ে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ হয়। পরে তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) দেওয়া হয়।
আটকদের মধ্যে ১৬ জন পাকিস্তানি ও সাতজন ভারতীয়ও ছিলেন। সংস্থাটি জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়। এ বছর ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দরে দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
