নিউজ ডেস্ক :
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকেই আত্মাহুতি দিয়েছিলেন। তাদের স্মরণে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল অর্পণ করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন। রাত ১২টা ৪০ মিনিটে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে বাঙালির লড়াই শুরু হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামলে পুলিশের গুলিতে রক্ত ঝরায় ছাত্রদের। পরদিনও বিক্ষোভ চলতে থাকলে মেডিকেল কলেজ হোস্টেলে গায়েবি জানাজা শেষে গড়ে তোলা হয় শহীদদের প্রথম স্মৃতিস্তম্ভ, যা সরকার কয়েক দিনের মধ্যেই গুঁড়িয়ে দেয়।
এই আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। পরে ১৯৮৭ সালে সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাস হলে দেশে বাংলার আনুষ্ঠানিক প্রচলন নিশ্চিত হয়।
ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে ২০১০ সালে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর দিনটি মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে।
