নিউজ ডেস্ক :
তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না বরং সেগুলো রুখে দেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আপনারা এই যুদ্ধ থেকে দূরে নন। এটি খুব কাছেই। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তেন।” তবে তিনি আশ্বস্ত করে বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এসব যুদ্ধ থেকে দূরে থাকবে এবং শক্তিশালী অবস্থান নিয়ে তা প্রতিহত করবে।
রিপাবলিকান এই নেতা জানান, “আমরা এই মূর্খ ও অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা এতে অংশ নেব না, তবে আমাদের শক্তি কেউ অতিক্রম করতে পারবে না। যদি কখনও যুদ্ধ শুরু হয়, আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ থাকবে না।”
এদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার বেশি ব্যয় করেছে। জেলেনস্কি এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছেন, যা জেতা সম্ভব নয়।
