এনআইডির নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ের উদ্যোগ

নিউজ ডেস্ক :

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এনআইডি পরিচালক (অপারেশনস) মো. আব্দুল হালিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি নির্দেশনা দিয়েছেন, যা গণমাধ্যমের হাতে এসেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীকে হলফনামায় নিশ্চিত করতে হবে যে, তার নামে কোনো ঋণ নেই এবং কোনো থানায় বা আদালতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা অন্যান্য মামলা নেই। এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি ও আবেদনকারীর ওয়ারিশ সনদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, তার নামে কোনো মামলা রয়েছে কি না। এসব তথ্য সংগ্রহ করে সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, কেউ ঋণ নিয়ে নাম পরিবর্তন করলে তাকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। আবার অনেকেই অপরাধ করে নতুন নামে পরিচিত হতে চান। এসব প্রতারণা ঠেকাতে ভবিষ্যতে এনআইডির নাম পরিবর্তনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।