নিউজ ডেস্ক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের গোপন সম্পদের তথ্য সংবলিত দুই বস্তা নথি উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে এই নথিপত্র উদ্ধার করা হয়।
দুদক জানিয়েছে, শহীদুল হকের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি তার অবৈধ সম্পদের নথিপত্র এক আত্মীয়ের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলতে চেয়েছিলেন। অনুসন্ধান চালিয়ে ওই আত্মীয়ের বাসা থেকে দুটি বস্তায় মোড়ানো ৪৮টি আলামত উদ্ধার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, উদ্ধারকৃত নথির মধ্যে রয়েছে বিভিন্ন সম্পত্তির দলিল, ব্যাংক হিসাব বিবরণী, পাওয়ার অব অ্যাটর্নি, এফডিআর, গোপনীয় চুক্তিপত্রসহ গুরুত্বপূর্ণ নথি, যা তার অবৈধ সম্পদের প্রমাণ বহন করে।
উল্লেখ্য, শহীদুল হককে গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও, এখনো চলমান অনুসন্ধানে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে।
