নিউজ ডেস্ক :
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর জন্য আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী বহন করবে, যা মোট যাত্রীর ৫০ শতাংশ। বাকি ৪৩ হাজার ৫৫০ জনের মধ্যে সৌদিয়া এয়ারলাইনস ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫ শতাংশ পরিবহন করবে। এ বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।
এ ছাড়া ফ্লাইট শিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, লাগেজ ব্যবস্থাপনা ও যাত্রী সেবার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হজ পরিবহন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস এবং হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।