জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামায় দুর্বৃত্তদের হাতে অপহৃত ২৬ শ্রমিক অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মুক্তির আগে বেশ কয়েকজন শ্রমিকের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মুক্তি পাওয়া শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অপহরণকারীরা শ্রমিকদের মুক্তির জন্য মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল। তারা জানান, ১২ শ্রমিকের জন্য ৩ লাখ এবং ১৪ শ্রমিকের জন্য ৭ লাখ—মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এই অর্থ কারা দিয়েছেন বা আদৌ মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, শ্রমিকদের উদ্ধারে ১৬ ফেব্রুয়ারি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত দুর্বৃত্তরা মঙ্গলবার ভোররাতে শ্রমিকদের ছেড়ে দেয়। তবে মুক্তিপণের বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।
