নিউজ ডেস্ক :
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ বাংলাদেশিসহ মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফায় মধ্যরাতে জোহর বাহরুসহ পাঁচটি জেলায় পরিচালিত অভিযানে ১৩০ জন বিদেশি ও দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জোহর বাহরু থেকে ৯০ জন, বাতু পাহাত থেকে ৯ জন অভিবাসী ও দুইজন নিয়োগকর্তা, মেরসিং ও মুয়ার থেকে ১২ জন এবং সেগামাত থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ১৫ জন পাকিস্তানি, ৩৪ জন ইন্দোনেশিয়ানসহ ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমারের নাগরিক রয়েছেন। এরপর রবিবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাতের শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে আরও ১০৫ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি।
মোহাম্মদ রুশদি জানান, বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউসে বসবাস করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
