নিউজ ডেস্ক :
ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেতা ও আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। পুলিশ জানিয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে।
