জাগ্রত পাহাড় ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পরপরই তাঁকে বান্দরবানে বদলি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরদিন ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এগুলো ছেড়ে দেওয়া হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয় মাত্র ১ লাখ ১০ হাজার টাকা।
এই বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড বলেন, “জরিমানার অঙ্ক নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে।” তবে জরিমানার রশিদ না দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, “সেদিন ছুটিতে যাওয়ার তাড়াহুড়া ছিল, তাই রশিদ দেওয়া হয়নি।”
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বদলির বিষয়ে বিভাগীয় কমিশনারের নির্দেশনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
