নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোরকমণ্ডল সীমান্তে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশি কৃষকদের ওপর হামলার কড়া প্রতিবাদ জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবি কৃষকদের ওপর হামলার জন্য কড়া নিন্দা জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দেয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণানন্দ বকসী সীমান্তের কাছে মাঠে কাজ করা কৃষকদের ওপর ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের ১০-১২ জন বিএসএফ সদস্য অতর্কিতে হামলা চালায়। তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে কৃষকদের এলোপাথাড়ি মারধর করে। ভয়ে কৃষকরা পালিয়ে গেলে বিএসএফ সদস্যরা গ্রামের ভেতর ঢুকে পড়ে। পরে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তারা সীমানার ওপারে ফিরে যায়। এ ঘটনায় পাঁচ কৃষক আহত হন।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং জড়িত সদস্যদের শাস্তির আশ্বাস দিয়েছে। পরে বিজিবি-বিএসএফের যৌথ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
