নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক ভাতিজা পালিয়ে গেছে।
নিহত হোছাইনগীর (৩৬) বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা। তার ভাতিজা, ঘাতক মো. ফোরকান ওরফে কালু (১৭), বড় ভাই হাসানগীরের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় পরিবারের দুই চাচির মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে হাসানগীরের ছেলে ফোরকান তার চাচা হোছাইনগীরকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হোছাইনগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।