নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক এক ভিডিও বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় স্টারলিংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া, তরুণ উদ্যোক্তাদের সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অধ্যাপক ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও জাতীয় অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। অন্যদিকে, স্পেসএক্সের পক্ষে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, স্টারলিংক সেবা দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে গ্রামীণ ও অনুন্নত অঞ্চলে যেখানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সীমিত। একই সঙ্গে তিনি স্টারলিংকের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ প্রসারিত করার সম্ভাবনার কথাও বলেন। তিনি জানান, এটি হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের মতো উদ্যোগের স্বাভাবিক সম্প্রসারণ, যা বিশেষ করে গ্রামের নারী ও তরুণদের বিশ্বদরবারে পরিচিত করতে সহায়ক হবে।
এ প্রসঙ্গে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এবং জানান, বহু বছর ধরেই তিনি গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের কার্যক্রম সম্পর্কে অবগত। তিনি বিশ্বাস করেন, স্টারলিংকের মতো প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আরও উদ্ভাবনী শক্তি অর্জন করতে পারবে এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সক্ষম হবে।
বৈঠকের শেষ পর্যায়ে অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি নিজ চোখে প্রকল্পের সম্ভাবনা দেখতে পারেন। মাস্ক ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘আমি এর অপেক্ষায় আছি।’
