জমির উদ্দিন
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ধূপশীল আর্মি ক্যাম্পে বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে মেডিক্যাল অফিসারের নেতৃত্বে ১৩২ জন রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। বিলাইছড়ি জোন জানিয়েছে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে তারা সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়।
