লিবিয়ার বন্দিশিবির থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশ

নিউজ ডেস্ক:

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ বাংলাদেশি দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে বলে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। এর অংশ হিসেবে প্রতিনিধি দল ডিটেনশন সেন্টারে গিয়ে আটক ব্যক্তিদের সাক্ষাৎ নেয় এবং যাচাই-বাছাই শেষে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

পরে স্থানীয় প্রশাসনের অনুমোদন পাওয়ার পর আইওএম-এর সহায়তায় সম্পূর্ণ বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। লিবিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া এসব বাংলাদেশি অনিয়মিত অভিবাসী হিসেবে আটক হন এবং দীর্ঘদিন বন্দিশিবিরে দুর্বিষহ জীবন কাটানোর পর অবশেষে মুক্তি পান। তাদের প্রত্যাবাসনের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।