নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কেভিন কেলি। তিনি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন কেভিন কেলি। বৈঠকে তারা আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত জানান, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চায় এবং দেশটির প্রধান ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে বেশি পণ্য আমদানি করতে আগ্রহী। এছাড়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে আয়ারল্যান্ড।