নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাহাপাড়ার একটি ৭ তলা ভবনের চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৬২ বছর বয়সী উৎপল রায় পেশায় একজন উন্নয়নকর্মী। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন, বড় ছেলে প্রবাসী। ঘটনার পর থেকে ফ্ল্যাটের গৃহকর্মী ও ভবনের নিরাপত্তা প্রহরী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত ৯টার দিকে গৃহকর্মীকে ফ্ল্যাট থেকে বের হয়ে যেতে দেখা যায়। পরে তার ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাসায় ফিরে দরজা ভেঙে বাবার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানিয়েছেন, ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।