বইমেলায় স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

নিউজ ডেস্ক:

একুশে বইমেলায় স্টলে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি নাগরিক অধিকার ও আইনের প্রতি অবজ্ঞার পরিচয়।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একুশে বইমেলা দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মিলনস্থল। এখানে এমন সহিংসতা দেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ব্যাহত করে এবং ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে ক্ষুণ্ন করে।

অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। বইমেলার নিরাপত্তা জোরদার করতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, যেন ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি, যে কোনো ধরনের গণ-সহিংসতা ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এর আগে সন্ধ্যায় বইমেলার ‘সব্যসাচী’ স্টলের সামনে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদে একদল লোক ভিড় করে। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরে তাকে থানায় নিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ কয়েকজন হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শতাব্দী ভবকে থানায় নিয়ে যাওয়া হয়।