নিউজ ডেস্ক:
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে অমর একুশে বইমেলায় হট্টগোলের সৃষ্টি হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘সব্যসাচী’ স্টলের সামনে একদল ব্যক্তি তসলিমার বই বিক্রির প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ স্টলের লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরে তাকে থানায় নেওয়ার সময় কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি হামলা চালায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, শতাব্দী ভবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সব্যসাচী স্টলটি বন্ধ রাখা হয়েছে। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্টল বন্ধের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা স্টলে উপস্থিত এক লেখককে ‘কান ধরে ওঠবস’ করতে বলছেন। বইমেলায় এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে কয়েকটি ছাত্র সংগঠন তাৎক্ষণিক মিছিল বের করে।