জানুয়ারিতে সড়কে প্রাণহানি ৬৭৭, আহত ছাড়াল এক হাজার

নিউজ ডেস্ক:

বছরের প্রথম মাস জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭৫৪ জন, আহত হয়েছে ১,৩০৩ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত ও ১,২৭১ জন আহত হয়েছে। রেলপথে ৫৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৯ জনের, আর নৌপথে ১৬টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। এ সময় ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত ও ২৩৯ জন আহত হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৩৭.৮০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৮.৭৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৮.৪ শতাংশ ফিডার রোডে, ৩.৬৫ শতাংশ ঢাকা মহানগরীতে এবং ১.৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, দেশের ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবর পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।