নিউজ ডেস্ক :
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁসের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আখতার আহমেদ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
তথ্য ফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম পোর্ট অথরিটি এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাসের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের প্রাথমিক তদন্তে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এনআইডি তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সচিব। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সূত্র: কালের কন্ঠ