নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কোতোয়ালী থানার জাফর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এসময় একই পরিবারের আরও তিনজন আহত হন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বলুয়ারদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চন্দরপুরা স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোকাররম হোসেন চৌধুরী জানান, ভোর সাড়ে ৬টার দিকে টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
তবে পাশের একটি ঘরের টয়লেটে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইলিয়াস ও তার স্ত্রী পারভিনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইলিয়াস পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।