২০২৫ সালের হজে শিশুদের সঙ্গে নেওয়া নিষিদ্ধ, অগ্রাধিকার প্রথমবারের হজযাত্রীদের

নিউজ ডেস্ক:

ভিড়জনিত নিরাপত্তা ঝুঁকি এড়াতে ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর হজের সময় অতিরিক্ত ভিড় ও দীর্ঘ সময় ধরে চলা আনুষ্ঠানিকতার কারণে শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই এবার থেকে হজযাত্রীদের সঙ্গে শিশুদের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া, এবারের হজ মৌসুমে অগ্রাধিকার পাবেন তারা, যারা আগে কখনো হজ করেননি। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে হজ নিবন্ধন চালু করা হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে জমা দিতে হবে।

এ বছর অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধা চালু করেছে সৌদি সরকার। হজ প্যাকেজের মূল্য তিন কিস্তিতে পরিশোধের সুযোগ রাখা হয়েছে। প্রথম কিস্তিতে ২০ শতাংশ, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৪০ শতাংশ করে পরিশোধ করতে হবে।

হজযাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে পছন্দের প্যাকেজ নির্বাচন, ই-ওয়ালেট রিচার্জসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার সুবিধা দেওয়া হয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এবার শিশুদের নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।