ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুমের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুসংহত করতে কাজ করবে।

প্রধান উপদেষ্টার অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।