নিউজ ডেস্ক:
এক মাস বিরতির পর আবারও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে। আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত কার্ডের আওতায় তেল ও ডাল বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে নিত্যপণ্য কিনতে পারবেন।
টিসিবির নির্ধারিত তালিকা অনুযায়ী, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুর ১৫৫ টাকায় বিক্রি হবে।
টিসিবি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের পর দ্রুত অন্যান্য বিভাগীয় শহর ও কিছু জেলায়ও ট্রাকসেল কার্যক্রম শুরু হবে।
