নিউজ ডেস্ক:
দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত প্রশাসনের ৭৬৪ কর্মকর্তাকে একসঙ্গে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা প্রজ্ঞাপনে ১১৯ জন সচিব, ৫২৮ জন অতিরিক্ত সচিব, ৪১ জন গ্রেড-১ কর্মকর্তা, ৭২ জন যুগ্ম সচিব এবং ৪ জন উপসচিব পদে পদোন্নতি পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি না পাওয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন গ্রহণের জন্য নির্ধারিত সময় শেষ হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। পরবর্তীতে তিন দিন বাড়ানো হলে ১৫৪০ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য চূড়ান্ত করা হয়।
গণ-আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে সংস্কার শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনে স্থিতিশীলতা ফেরাতে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বাধ্যতামূলক অবসর এবং বঞ্চিতদের স্বীকৃতি দেওয়ার নীতিমালা গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় এই পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হলো।
