নিউজ ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকটি সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে, শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
